পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশের যোগদানের আগ্রহ প্রকাশের বিষয়টি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘পশ্চিম এশিয়ার ঘটনাবলির ওপর নিবিড়ভাবে নজর রাখছে নয়াদিল্লি’। শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জয়সওয়াল বাংলাদেশের যুক্ত হওয়ার আগ্রহের বিষয়ে প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।
জয়সওয়াল উল্লেখ করেন, ‘ভারতের জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর এই চুক্তির কী প্রভাব পড়তে পারে; তা অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে’।
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির সম্প্রতি এক সাক্ষাৎকারে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়ে ঢাকার আগ্রহের কথা প্রকাশ করেন। এর পরই ভারতের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসে।
একই ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফরের বিষয়ে জয়সওয়াল জানান, ‘এই মুহূর্তে নতুন কোনো তথ্য দেওয়ার মতো নেই। সফরসূচি চূড়ান্ত হলে তা গণমাধ্যমকে জানানো হবে’।
এছাড়া, গঙ্গা পানিবণ্টন চুক্তি প্রসঙ্গে তিনি জানান, ১৯৯৬ সালে স্বাক্ষরিত এই ঐতিহাসিক চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হতে চলেছে। চুক্তিটি পর্যালোচনার জন্য নির্ধারিত হয়েছে এবং এর বিষয়গুলো যৌথ নদী কমিশনের মাধ্যমে আলোচনা করা হচ্ছে।