বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিচ্ছেন স্প্যানিশ ফরোয়ার্ড ফেররান তোরেস। দীর্ঘ সাড়ে চার বছরের বার্সেলোনা অধ্যায় শেষ করে তিনি প্রায় ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে নতুন ক্লাবে যাচ্ছেন।
গোল ডটকম-এর প্রতিবেদনে জানা যায়, পিএসজি বার্সেলোনার সাথে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে এবং পুরো ট্রান্সফার ফি একবারে পরিশোধ করবে। এতে কোনো পারফরম্যান্সভিত্তিক বাড়তি শর্ত রাখা হয়নি। তোরেস নতুন ফ্রাঞ্চাইজির সাথে পাঁচ বছরের চুক্তি করেছেন।
তোরেসের প্রতিনিধিরা বুধবার বার্সেলোনার অনুশীলনে যোগ না দেওয়ার অনুমতি চেয়েছেন। দুই ক্লাবের সভাপতি ও স্পোর্টিং ডিরেক্টরদের মধ্যে মৌখিক চুক্তি সম্পন্ন হলেও আনুষ্ঠানিক ঘোষণা প্যারিসের মেডিকেল টিমের অধীনে স্বাস্থ্য পরীক্ষার পর দেওয়া হবে।
বার্সেলোনা তোরেসকে বিক্রি করে আর্থিক স্বস্তি পাচ্ছে। ২০২২ সালের জানুয়ারিতে ম্যানচেস্টার সিটি থেকে ৫৫ মিলিয়ন ইউরোতে কিনেছিল কাতালান ক্লাবটি। চুক্তির শেষ বছরে থাকা খেলোয়াড়কে ৫০ মিলিয়নে বিক্রি করে তারা অতিরিক্ত ৮ মিলিয়ন ইউরো পরিশোধের হাত থেকেও রক্ষা পাবে।
বার্সেলোনার জার্সিতে সাড়ে চার বছরে তোরেস ২০৭ ম্যাচে ৬৫টি গোল ও ২৩টি অ্যাসিস্ট করেছেন। তিনি ক্লাবটির হয়ে তিনটি লা লিগা, তিনটি স্প্যানিশ সুপার কাপ ও একটি কোপা দেল রে জয়ের কৃতিত্ব অর্জন করেছেন।