অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে সাবলীল ব্যাটিং চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শুরু হয় ১ উইকেটে ৯৬ রান নিয়ে, এবং শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ দাঁড়িয়েছে ১ উইকেটে ১১৫ রান।
ক্রিজে জমে উঠেছেন উদ্বোধনী ব্যাটার তানজিদ হাসান তামিম এবং তিন নম্বরে নামা মুমিনুল হক। ডারউইনের কন্ডিশনে অজি পেস আক্রমণ সামলে দেখেশুনে রান তুলছেন তারা।
প্রথম দিনে সাদমান ইসলামের একক উইকেটের পতন ঘটেছিল। বাংলাদেশের পেসাররা ম্যাচের প্রথম দিনে মূল কারিশমা দেখান, যেখানে টসে হেরে ব্যাট করতে আসা অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে দেয় বাংলাদেশ।
ট্রাভিস হেড ও জ্যাক ওয়েদারাল্ড শুরুতেই আক্রমণাত্মক মেজাজে রান তুলতে থাকলে, হাসানের দুর্দান্ত ডাবল স্ট্রাইকে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর এবাদত হোসেন মারনাস লাবুশেনকে ফিরিয়ে অজিদের চাপে ফেলে দেন।
মাঝে তানজিদ তামিমের হাত থেকে স্টিভ স্মিথের ক্যাচ ফস্কে গেলেও, তাসকিন আহমেদ ক্যামেরুন গ্রীনকে সাজঘরে পাঠালে স্বাগতিকরা ৪ উইকেটে ৭৪ রান নিয়ে লাঞ্চে যায়।
দ্বিতীয় সেশনে অ্যালেক্স ক্যারিকে এবাদত এবং বো ওয়েবস্টারকে তাসকিন আউট করেন। স্মিথ এক প্রান্ত আগলে রেখে ৭১ রান করলেও, অজিদের শেষ ৪ ব্যাটারকে একাই সাজঘরে পাঠিয়ে দেন দুর্দান্ত ফর্মে থাকা পেসার হাসান মাহমুদ।