গত শনিবার বাবা হোর্হে মেসিকে হারানোর শোক কাটিয়ে মাঠে ফিরেছেন লিওনেল মেসি। মাত্র চারদিনের মাথায় তিনি আবারও খেলতে নেমেছেন, তবে সুখকর হয়নি তার প্রত্যাবর্তন। লিগস কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব লিওনের কাছে ৩-২ গোলে হেরেছে ইন্টার মায়ামি, ফলে টুর্নামেন্টের প্রথম পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে ফ্লোরিডার ক্লাবটিকে।
রোসারিওর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন হোর্হে মেসি। বাবার শেষকৃত্য শেষে মঙ্গলবার রাতে ফ্লোরিডায় ফেরেন মেসি। এরপর বৃহস্পতিবার সকালে লিগস কাপের ম্যাচ খেলতে মাঠে নামেন।
ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্টে ফুটবল চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছিলেন মেসি। তিনি লেখেন, ‘তোমাকে ছাড়া কী করব, জানি না। কীভাবে এগিয়ে যাব, সেটাও জানি না।’
মায়ামির বাঁচা-মরার ম্যাচে মাঠে নামলেও দলের জন্য কিছু করতে পারেননি মেসি। প্রথমার্ধে বেঞ্চে থাকার পর দ্বিতীয়ার্ধে মাঠে নামেন, কিন্তু মায়ামি ৩-২ ব্যবধানে হারতে থাকে।
মায়ামি বাদ পড়লেও ক্লাবটির কাছে মেসির মাঠে ফেরাটা বড় ব্যাপার। এক ফুটবলার ইএসপিএনকে বলেন, ‘মেসি খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তার দায়বদ্ধতা প্রশংসনীয়। আজ সে আমাদের জন্য যা করেছে, তা অবিশ্বাস্য।’