জামালপুরের বকশীগঞ্জে একটি উন্মত্ত শিয়াল লোকালয়ে ঢুকে অতর্কিত হামলা চালিয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে, যাতে অন্তত সাতজন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন মতি মিয়া (৬০), মর্জিনা বেগম (৪০), বদিউজ্জামান (৬৮), ইজতী বেগম (৪০), ছাহেরা খাতুন (৫০), সামাদ (৩৫) ও মোবারক। তাদের উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, শিয়ালটি রবিয়ারচর গ্রামের মতি মিয়ার বাড়িতে ঢুকে তাণ্ডব শুরু করে। পরে এটি বাড়ির আশপাশে ও রাস্তায় চলাচলরত সাধারণ মানুষের ওপর হামলা চালায়। এই আকস্মিক আক্রমণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোহাম্মদ তামিম বলেন, "হাসপাতালে আসা আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে।"
এদিকে, দিনের বেলায় লোকালয়ে শিয়ালের এমন আক্রমণে রবিয়ারচর ও আশপাশের গ্রামের মানুষের মধ্যে ভীতি তৈরি হয়েছে। স্থানীয়রা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন শিয়ালের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য।