সম্প্রতি ফুকেট থেকে দিল্লি আসার পথে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মাঝ আকাশে আচমকা ৩০০ ফুট উচ্চতা হারায়। এ কারণে অন্তত ২৪ আরোহী আহত হন।
ফ্লাইটটি ৪ আগস্ট ১৩৭ জন যাত্রী ও আটজন ক্রু নিয়ে ফুকেট থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মাঝপথে এটি তীব্র টার্বুলেন্সের সম্মুখীন হয় এবং ৩০০ ফুট নিচে নেমে আসে। এ সময় অন্তত ২০ যাত্রী ও চারজন ক্রু আহত হন, তাদের মধ্যে দুজন গুরুতর আঘাত পান।
দিল্লিতে পৌঁছানোর পর, আহতদের স্বাস্থ্য পরীক্ষায় ফ্লাইটের ক্যাপ্টেনের শরীরে মাদকের উপস্থিতি পাওয়া যায়। দ্বিতীয়বার পরীক্ষার ফলাফলে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে, পাইলট গাজা সেবন করেছিলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, উড়োজাহাজটি যখন আচমকা নিচে নেমে আসে, তখন ক্যাপ্টেন তার আসনে ছিলেন না এবং ফার্স্ট অফিসার এটি নিয়ন্ত্রণ করছিলেন।
এ সময় ককপিটসহ ফ্লাইটের ভেতরে থাকা জিনিসপত্র ও যাত্রীরা ওপরের দিকে ছিটকে পড়েন। সিটবেল্ট না পরা যাত্রীরা মূলত গুরুতর আঘাত পান।
ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় মঙ্গলবার জানায়, এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।