শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় মান্নান সরদার (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মান্নান সরদার পার্শ্ববর্তী চরধুপুর চরকান্দি এলাকার মৃত আলিউদ্দিন সরদারের ছেলে। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লাউখোলা এলাকার রেজাউল শিকদার ও তার সমর্থকদের সাথে তমিজ খাঁ ও তার সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল।
সংঘর্ষের সময় বেশ কিছু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে রেজাউল শিকদারের সমর্থক মান্নান সরদারকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, তমিজ খাঁ গ্রুপের সমর্থক রিপন মোল্লা হাতবোমার আঘাতে গুরুতর আহত হয়ে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছেন। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।