মাত্র ১৫ বছর বয়সে বৈভব সুরিয়াভানশি ক্রিকেট বিশ্বের অন্যতম আলোচিত নাম হয়ে উঠেছেন। বিহারের সমস্তিপুর থেকে উঠে আসা এই তরুণ ক্রিকেটার ইতোমধ্যে মাঠে একাধিক রেকর্ড ভেঙেছেন এবং বিজ্ঞাপনের বাজারে তার মূল্য কোটি রুপি ছাড়িয়ে গেছে।
সুরিয়াভানশি পাঁচটি বড় ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এর মধ্যে একটি ক্রিকেট ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসএস ব্যাটস, যার সঙ্গে তার চুক্তির মূল্য বছরে প্রায় ৬৫ লাখ টাকা। এছাড়া পুষ্টিবিষয়ক ব্র্যান্ড কমপ্ল্যান এবং গুগল পে-এর যুবভিত্তিক প্রচারণাতেও তিনি অংশ নিয়েছেন।
২০২৫ আইপিএলের নিলামে রাজস্থান রয়্যালস তাকে ১ কোটি ১০ লাখ রুপি দিয়ে দলে ভেঙে ইতিহাস গড়ে। তার আইপিএল অভিষেক ম্যাচের প্রথম বলেই ছক্কা মারেন এবং তৃতীয় ম্যাচে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান হন।
বর্তমানে বৈভবের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৯ থেকে ১৩ কোটি টাকা। এই বিপুল অঙ্কের আয়ের বড় অংশ এসেছে আইপিএল চুক্তি, ম্যাচ ফি এবং বিজ্ঞাপনের মাধ্যমে।
তবে এত অল্প বয়সে বিপুল অর্থ এবং জনপ্রিয়তার চাপ সামলাতে তার পরিবার সতর্ক। তারা একসঙ্গে অনেক বিজ্ঞাপনে না গিয়ে ধীরে ধীরে এগোতে চান। সুরিয়াভানশির ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশার পারদও উঁচু হচ্ছে, যা ক্রিকেট ইতিহাসে নতুন এক যুগের সূচনা করছে।