স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে, বিরোধীদল ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো কথা বলছে। রোববার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে সুবিধাভোগীদের হাতে চা-ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘বিরোধীদল আগের মতো ভূমিকা পালন করে শেখ হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে। তারা গণতন্ত্রের গলা টিপে ধরার চেষ্টা করছে। সকল সংকট এখনই সমাধান চান, তবে সংকট সমাধানে সময় দিতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকার ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছিল এবং গুম, খুন ও নির্যাতনের রেকর্ড করেছিল। দেশের মানুষ এখন শান্তির নিঃশ্বাস ফেলছে।’
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি প্রসঙ্গে তিনি জানান, ‘যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বাংলাদেশের প্রায় ৪ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এ ক্ষতিও পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।’
মির্জা ফখরুল বলেন, ‘জিনিসপত্রের দাম একটু বেড়েছে। যখন আমদানি করা হয়, তখন এই পরিস্থিতি সৃষ্টি হয়। সাংবাদিকরা আওয়ামী লীগ সরকারের সময় কথা বলতে পারতেন না, লিখতে পারতেন না। এখন যা খুশি তাই লিখতে পারছেন।’
তিনি উল্লেখ করেন, ‘বিরোধীদল যে ভাষায় কথা বলে, তা গণতন্ত্র নয়। আমরা উন্নয়ন কাজ শুরু করেছি। আমরা এগিয়ে যেতে চাই, দেশকে এগিয়ে নিতে চাই।’
অনুষ্ঠানে লাভ শেয়ার বিডির নিজস্ব অর্থায়নে ‘সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্প’ উদ্বোধন করা হয় এবং ২৫ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মধ্যে ২৫টি ঘর হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শামসুজ্জামান সামু, সংরক্ষিত মহিলা আসনের এমপি রেজেকা সুলতানা ফেন্সি, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম এবং রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ প্রশাসনের কর্মকর্তারা।