সোমবার, ১০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

বিসিপিএসের মাস্টারক্লাসে এআই দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ

বিসিপিএসের মাস্টারক্লাসে এআই দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

বিসিপিএসের মাস্টারক্লাসে এআই দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন কমিউনিকেশনস পেশায় একটি গুরুত্বপূর্ণ সরঞ্জাম হয়ে উঠেছে। বাংলাদেশ কমিউনিকেশনস প্রফেশনালস সোসাইটির (বিসিপিএস) উদ্যোগে রাজধানীর বাংলামটরে ‘ডেভেলপমেন্ট কমিউনিকেশনসে এআইয়ের ব্যবহার’ শীর্ষক একটি মাস্টারক্লাস অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার অনুষ্ঠিত এই মাস্টারক্লাসে উন্নয়ন সংস্থা, করপোরেট প্রতিষ্ঠান, গণমাধ্যম, সরকারি-বেসরকারি সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রায় ৩৫ জন কমিউনিকেশনস পেশাজীবী অংশ নেন। প্রশিক্ষণে বিভিন্ন এআই টুলসের ব্যবহার, কার্যকর নির্দেশনা লেখার কৌশল এবং পেশাগত কাজে এআই ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এআই কীভাবে প্রেস বিজ্ঞপ্তি, প্রতিবেদন, বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট ও যোগাযোগ পরিকল্পনা তৈরিতে কাজে লাগানো যায়, তা নিয়ে অংশগ্রহণকারীরা বাস্তবভিত্তিক অনুশীলনে অংশ নেন। গবেষণা, তথ্য বিশ্লেষণ ও কনটেন্টের মানোন্নয়নেও এআইয়ের ব্যবহার নিয়ে আলোচনা হয়।

মাস্টারক্লাসটি পরিচালনা করেন নগদের ক্রিয়েটিভ লিড (এআই) মো. আব্দুর রউফ, যিনি এআই ব্যবহারের বিষয়ে ১২ বছরের অভিজ্ঞতা রাখেন। এছাড়া, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সহকারী অধ্যাপক মালিহা তাবাসসুম ‘এআই দিয়ে গল্প, নিবন্ধ, উপস্থাপনা ও নানা ধরনের লেখা তৈরি’ শীর্ষক একটি সেশন পরিচালনা করেন।

বিসিপিএসের চেয়ারপারসন টনি মাইকেল গোমেজ বলেন, ‘এআই কমিউনিকেশনস পেশাজীবীদের বিকল্প নয়; বরং যারা এআই দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারবেন, তারাই ভবিষ্যতে এগিয়ে থাকবেন।’ তিনি আরও বলেন, ‘এআইয়ের সঙ্গে তাল মিলিয়ে পেশাজীবীদের প্রয়োজনীয় দক্ষতা তৈরি করা এখন সময়ের দাবি।’

আয়োজকেরা জানান, বিসিপিএস এ ধরনের জ্ঞান ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে, যা কমিউনিকেশনস পেশাজীবীদের ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতে সহায়তা করবে। মাস্টারক্লাসের মাধ্যমে অংশগ্রহণকারীরা এআই সরঞ্জাম সম্পর্কে ধারণা নেওয়ার পাশাপাশি প্রযুক্তিটির ব্যবহারিক প্রয়োগের সুযোগ পান।

বিজ্ঞাপন