বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি তেল আমদানি নিয়ে বিভ্রান্তি এড়াতে সম্প্রতি সরকারের জ্বালানি বিভাগ একটি সতর্কতা জারি করেছে।
শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মুহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা বজায় রাখতে সরকার একটি নতুন নীতিমালার খসড়া প্রণয়নের উদ্যোগ নিয়েছে।
প্রস্তাবিত নীতিমালার মূল উদ্দেশ্য হলো দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়াও, জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে ব্যবহার করার লক্ষ্যে একটি স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলা।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জ্বালানি খাত সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত ও পরামর্শ গ্রহণ করে এই নীতিমালা চূড়ান্ত করা হবে।
জনস্বার্থ, জ্বালানি নিরাপত্তা, প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হলে নীতিমালাটি প্রণয়নের বিষয়টি বিবেচনা করা হবে।
এদিকে, কিছু গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় অনুমান নির্ভর ও অসত্য তথ্য প্রকাশ করা হচ্ছে, যা অনভিপ্রেত। সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।