মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে নাকচ করে দিয়েছে ইরান। ট্রাম্প দাবি করেন যে, ইরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রকে হামলা থেকে বিরত থাকতে অনুরোধ করেছে।
শনিবার (১ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন, একটি সম্ভাব্য চুক্তির রূপরেখা নিয়ে সমঝোতা হয়েছে এবং এর অংশ হিসেবে হরমুজ প্রণালি উন্মুক্ত করা হবে। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে হামলা বন্ধের অনুরোধের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
ইরানি গণমাধ্যমগুলো জানায়, আসলে ট্রাম্পই নিজের অবস্থান থেকে সরে এসেছেন। ফার্স নিউজ ট্রাম্পকে ব্যঙ্গ করে লিখেছে, 'বোকা ট্রাম্পের দম ফুরিয়ে গেছে।'
রাজনৈতিক বিশ্লেষক মোরতেজা সেমিয়ারি বলেন, 'আমেরিকানদের পাহাড় আবারও একটি ইঁদুরের জন্ম দিয়েছে', যা বোঝায় যে, বড় বড় হুমকির পরও ফল হয়েছে সামান্য।
কায়হান অনলাইন মন্তব্য করেছে, ট্রাম্প এক সপ্তাহ ধরে হুমকি দেওয়ার পর আবারও নিজের অবস্থান থেকে সরে গিয়ে চুক্তি কাছাকাছি দাবি করছেন।
আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ইরান কখনো হামলা বন্ধের অনুরোধ জানায়নি। তারা জানায়, 'ট্রাম্প আবারও তার ফাঁকা হুমকি থেকে সরে এসে পশ্চাদপসরণকে অনুগ্রহ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন।'
মেহর নিউজ আরও জানায়, ইরানের সশস্ত্র বাহিনী সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।
এদিকে, সিএনএনের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুত কমে আসার বিষয়টি উল্লেখ করা হয়। তাসনিম নিউজ দাবি করেছে, মার্কিন ক্ষেপণাস্ত্রের ঘাটতি ইরানের বিরুদ্ধে হামলা স্থগিতের প্রধান কারণ।
ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে নতুন করে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।