চীনের গানসু প্রদেশে ভারী বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে পৌঁছেছে। রোববার (২ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।
প্রাথমিক তথ্যে জানা যায়, গত ২৬ জুলাই গানসুর ওয়েইইউয়ান কাউন্টিতে প্রবল বর্ষণের কারণে ১০ জন নিহত হন। তবে পরবর্তীতে তথ্য হালনাগাদ করে মৃতের সংখ্যা ২৫ জনে দাঁড়িয়েছে।
এ ঘটনায় আরও ২৩ জন আহত হয়েছেন। সিনহুয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চীনের জাতীয় দুর্যোগ প্রতিরোধ, প্রশমন ও ত্রাণ কমিশন গানসু প্রাদেশিক কর্তৃপক্ষকে ঘটনার তদন্ত এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়নের নির্দেশ দিয়েছে।
এদিকে, বৃষ্টিপাত অব্যাহত থাকায় ডিংসি শহরসহ গানসুর বিভিন্ন এলাকায় আরও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।