ইরান ঘোষণা করেছে, দেশটি এখন থেকে শুধু পারস্য উপসাগরীয় অঞ্চলে নয়, যেখান থেকে হামলা হবে, সেখানেই পাল্টা হামলা চালাবে। এই হুমকি দিয়েছেন দেশটির আইনপ্রণেতা এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই।
আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার বিষয়ে সতর্কবার্তা দিয়ে রেজাই বলেন, শত্রুপক্ষের সম্ভাব্য যেকোনো হামলার জবাবে তাদের প্রতিক্রিয়া কেবল পারস্য উপসাগরীয় অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না।
তিনি আরও বলেন, ইরান শত্রুর সব ঘাঁটি এবং যেখান থেকেই হামলা চালানো হবে, সেই উৎসের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা নেবে।
ইরানের শীর্ষ নেতৃত্ব দেশটির জ্বালানি অবকাঠামোর ওপর যেকোনো হামলার বিরুদ্ধে সতর্ক করে বলেছে, এর জবাবে তারা পুরো উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে।
রেজাই পূর্বে মন্তব্য করেছিলেন, যুক্তরাষ্ট্র মনে করে তারা ইরানের ওপর দ্রুত ও ধ্বংসাত্মক আঘাত হানতে পারবে। তিনি বলেন, এটি ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ট্রাম্পের কাছে ফিসফিস করা একটি ভ্রান্ত ধারণা।
তিনি আরও বলেন, ইরানের ওপর হামলা চালানো হলে তারা পুরো অঞ্চল এবং এর স্থাপনাগুলোকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাবে। রেজাই সতর্ক করেন, বোকামিপূর্ণ কোনো পদক্ষেপ না নেওয়াই শ্রেয়।