বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছে, তদন্ত শুরু।

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে একটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রশিক্ষণ শেষে দাবানল নেভানোর অভিযানে যাওয়ার প্রস্তুতির সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানানো হয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি একটি বেল ৪১২ মডেলের ছিল। এটি প্রতিবেশী প্রদেশে কয়েক দিন ধরে চলা দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করতে যাওয়ার আগে প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিচ্ছিল।

স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ইসচিগুয়ালাস্তো ন্যাচারাল পার্ক এলাকায় উড্ডয়নের সময় হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেটি বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

সান হুয়ানের গভর্নর মার্সেলো অরেগো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক শোক বার্তায় জানিয়েছেন, তারা দুর্ঘটনার খবর পেয়েছেন। নিহতদের মধ্যে দমকলকর্মী, পুলিশ সদস্য এবং সিভিল প্রোটেকশন বিভাগের কর্মীরা রয়েছেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থলে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে জরুরি সেবা বিভাগ।

আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী আলেহান্দ্রা মন্টেওলিভা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, শোকের এই সময়ে তিনি নিহতদের পরিবার ও সহকর্মীদের পাশে রয়েছেন।

এ দুর্ঘটনার পর সান হুয়ান প্রাদেশিক সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এ সময় জাতীয় ও প্রাদেশিক পতাকা অর্ধনমিত রাখা হবে।

এদিকে, অস্ট্রিয়ার সমান আয়তনের আধা-শুষ্ক অঞ্চল লা রিওখায় সপ্তাহের শুরু থেকে একাধিক দাবানল ছড়িয়ে পড়েছে। স্থানীয় দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র তিন দিনেই শত শত হেক্টর বনভূমি আগুনে পুড়ে গেছে।

বিজ্ঞাপন