শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

বিশ্বখ্যাত লেখক কেইগো হিগাশিনো আর নেই

জাপানি লেখক কেইগো হিগাশিনো কোলোরেক্টাল ক্যানসারে মারা গেছেন।

বিশ্বখ্যাত লেখক কেইগো হিগাশিনো আর নেই

বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, পরিবারের সদস্যদের উপস্থিতিতে ব্যক্তিগতভাবে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। হিগাশিনোর মৃত্যুর খবরে বিশ্বজুড়ে সাহিত্যপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিশেষ করে ভারতের সিনেমাপ্রেমীদের মধ্যে তাঁকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে মালয়ালম সুপারহিট সিনেমা ‘দৃশ্যম’-এর সঙ্গে তাঁর জনপ্রিয় উপন্যাস ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’-এর কাহিনিগত কিছু মিল নিয়ে বিতর্ক রয়েছে।

হিগাশিনো জন্মগ্রহণ করেন ওসাকায় এবং ১৯৮৫ সালে ‘হোকাগো’ (আফটার স্কুল) উপন্যাসের জন্য মর্যাদাপূর্ণ এদোগাওয়া রাম্পো পুরস্কার জিতে সাহিত্যজগতে আত্মপ্রকাশ করেন।

তিনি জাপানের অন্যতম জনপ্রিয় রহস্য-সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত হন। তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে ‘হিমিৎসু’, ‘বিয়াকুইয়াকো’ এবং ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’।

২০০৬ সালে তিনি ‘দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স’ উপন্যাসের জন্য নাওকি পুরস্কারে ভূষিত হন। জীবদ্দশায় হিগাশিনো ১০৬টি বই লিখেছেন, যার বিক্রি জাপানে ১০ কোটিরও বেশি কপি ছাড়িয়েছে।

তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত মিস্ট্রি রাইটার্স অব জাপানের সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে রহস্য-সাহিত্যের জগতে এক উজ্জ্বল অধ্যায়ের অবসান ঘটল।

বিজ্ঞাপন