হবিগঞ্জ পৌর এলাকায় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কর্মসূচি ঘিরে জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ বুধবার হবিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় উল্লেখ করা হয়, এনসিপি একটি বিক্ষোভ সমাবেশ ও পথসভা আহ্বান করেছে, অন্যদিকে হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌর বিএনপি এবং হবিগঞ্জ জেলা ছাত্রদল একই সময়ে পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। উভয় দলের বিপুল সংখ্যক নেতা-কর্মীর সমাগম ঘটার সম্ভাবনা রয়েছে।
এতে আরও বলা হয়, উক্ত কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজমান রয়েছে এবং যেকোনো সময় সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি, জনশান্তি বিনষ্ট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
নির্দেশনায় উল্লেখ করা হয়, হবিগঞ্জ পৌর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। ফলে, ৫ বা ততোধিক লোকের সমাবেশ, জনসভা, মাইকিং, মিছিল, শ্লোগান, পিকেটিং এবং আইন-শৃঙ্খলা বিঘ্নকারী যেকোনো কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।