হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনার পর রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার পর মৌলভীবাজারের সার্কিট হাউজ থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হন এনসিপি নেতারা।
পথে শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় পুলিশ তাদের আটকে দেয়। প্রায় আধাঘণ্টা সেখানে আটকে থাকার পর বিকেল ৫টা ৫ মিনিটের দিকে পুলিশি বাধা অতিক্রম করে এনসিপি নেতাদের গাড়িবহর ফের হবিগঞ্জের পথে রওনা দেয়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনার প্রতিবাদে এনসিপি প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। এ কারণে দলটির নেতারা হবিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন।
এদিকে, বিএনপিও একই সময়ে কর্মসূচি ঘোষণা করেছে, যা হবিগঞ্জ শহরে উত্তেজনা সৃষ্টি করেছে। সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।