হবিগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টি–এনসিপির বিক্ষোভ সমাবেশ ও স্থানীয় বিএনপি ও ছাত্রদলের পাল্টা সমাবেশের কারণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার হবিগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
আদেশ অনুযায়ী, হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচজন বা ততোধিক লোকের সমাবেশ, জনসভা, মাইকিং, মিছিল, স্লোগান, পিকেটিং এবং আইন–শৃঙ্খলা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
এ অবস্থায় হবিগঞ্জ শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ, র্যাব ও বিজিবির গাড়ি শহরে টহল দিচ্ছে। বিকেল পৌনে ৪টায় এনসিপির কেন্দ্রীয় নেতারা শহরে পৌঁছাননি, যা সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।
একটি সূত্র জানায়, মৌলভীবাজার থেকে আসা এনসিপির নেতাদের বাহুবল উপজেলার মুছাই এলাকায় আটকে দেওয়ার পরিকল্পনা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর। অন্যদিকে, ঢাকা থেকে আসা নেতাদের শায়েস্তাগঞ্জে আটকে দেওয়ার সম্ভাবনা রয়েছে।
এনসিপি দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ দলের স্থানীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, হবিগঞ্জ পৌর বিএনপি এবং হবিগঞ্জ জেলা ছাত্রদল।