চীনের হাংঝৌতে লুশিং ডিজাস্টার সিমুলেশন ট্রেনিং সেন্টার টাইফুন থেকে বেঁচে থাকার প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এই প্রশিক্ষণ বিশ্বের প্রথম, যেখানে অংশগ্রহণকারীরা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে দুর্যোগ মোকাবেলার কৌশল শিখছেন।
প্রতিদিন ৩ হাজার টাকার বিনিময়ে প্রশিক্ষণ নিতে আসা এক লাখ ৬০ হাজারের বেশি মানুষ এ পর্যন্ত এই সেবাটি গ্রহণ করেছেন। প্রশিক্ষণের অংশ হিসেবে, অংশগ্রহণকারীরা উত্তাল জলরাশি, শক্তিশালী বাতাস এবং মুষলধারে বৃষ্টির মোকাবেলা করেন।
৩৪ বছর বয়সী হুয়াং ঝেন বলেন, 'গত দুই বছরে আবহাওয়া ক্রমেই অপ্রত্যাশিত হয়ে উঠেছে। তাই দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি সম্পর্কে আরও বেশি জানা জরুরি।' প্রশিক্ষণে ঘণ্টায় ১৬৫ কিলোমিটার গতির বাতাস এবং ৯শ মেট্রিক টন প্রবল জলধারার অভিজ্ঞতা প্রদান করা হয়।
লুশিং ডিজাস্টার সিমুলেশন ট্রেনিং সেন্টারের প্রশিক্ষক ওয়াং কুয়াংহান জানান, টাইফুনের সময় টিকে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হলো বাইরে বের না হওয়া। প্রয়োজনে বাইরে গেলে চারপাশের পরিবেশের প্রতি সচেতন থাকতে হবে।
চীনের জাতীয় জলবায়ু কেন্দ্র জানায়, জুলাই মাসে উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরে ৬টি টাইফুন তৈরি হওয়ার শঙ্কা রয়েছে। এর মধ্যে টাইফুন বাভি ইতোমধ্যে ভয়াবহ বন্যা সৃষ্টি করেছে, যা লাখো মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য করেছে।
বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, জলবায়ু পরিবর্তন চীনকে ধ্বংসাত্মক আবহাওয়াজনিত ঘটনার সম্মুখীন করছে। আগামী ৩ বছরে চীনে আরও ৫টি প্রশিক্ষণ কেন্দ্র চালুর পরিকল্পনা রয়েছে, যেখানে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মহড়াও অন্তর্ভুক্ত থাকবে।