শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ময়মনসিংহে বিদ্যুতায়িত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহে বিদ্যুতায়িত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দাইপাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। বুধবার দুপুর ১টায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকদের মধ্যে একজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলার তাড়াইল এলাকার রতনের ছেলে জিসান (১৮) এবং অপরজন বিরামপুর ভাটিপাড়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে সিরাজুল ইসলাম (২২)।

ঘটনাস্থলে কর্মরত ঠিকাদার মো. হাসান জানান, ভবনের ছাদে রডের কাজ শেষ হওয়ার পর কিছু রড নিচে নামানোর প্রয়োজন হয়। তিনি শ্রমিকদের সিঁড়ি দিয়ে রডগুলো নামিয়ে আনতে নির্দেশ দেন। তবে একজন শ্রমিক সিঁড়ি ব্যবহার না করে ছাদের পাশ দিয়ে রড নামানোর চেষ্টা করেন। এ সময় লম্বা রডটি ভবনের পাশ দিয়ে থাকা উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের লাইনের সংস্পর্শে চলে যায়।

এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে থাকা দুই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয়। ভবনের মালিক আল আমিন বলেন, নির্মাণকাজের দায়িত্ব ঠিকাদারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছিল এবং ঘটনার সময় তারা ঘটনাস্থলে ছিলেন না।

তিনি জানান, ছাদে রাখা রডগুলো সিঁড়ি দিয়ে নামানোর জন্য ঠিকাদার ও শ্রমিকদের আগেই নির্দেশ দেওয়া হয়েছিল। পরে ফোনে জানতে পারি, রড নামানোর সময় বিদ্যুতের তারে স্পর্শ লাগায় দুই শ্রমিক বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যান এবং তাদের মৃত্যু হয়।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমতিয়াজ মাহমুদ বলেন, হাসপাতালে পৌঁছে দেখি নিহতদের মৃত্যুসনদ প্রস্তুতির কার্যক্রম চলছে। মরদেহ পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে ধারণা করছি, তারা বহুতল ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন। অতিরিক্ত রক্তক্ষরণেই তাদের মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মর্গে পাঠানো হবে।

বিজ্ঞাপন