সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু শহরের দিকে যাওয়া ক্রুড অয়েল পরিবহন অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, সৌদির পূর্বাঞ্চল থেকে ইয়ানবু বন্দর যুক্তকারী তেলের মূল পাইপলাইন এবং অন্যান্য 'সংবেদনশীল' লক্ষ্যবস্তুতে বেশ কিছু ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, এই সামরিক পদক্ষেপ সৌদি ড্রোনের অনুপ্রবেশ ও আগ্রাসনের পাল্টা জবাব হিসেবে নেওয়া হয়েছে।
হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বা রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। হামলায় হতাহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া যায়নি।