সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে যে, দেশের ভূখণ্ড এবং সমুদ্রসীমায় ধারাবাহিক আক্রমণের প্রেক্ষাপটে যেকোনো 'আগ্রাসনের' উৎস চিহ্নিত করে তার কড়া জবাব দেওয়ার এবং হামলাকারীদের প্রতিহত করার পূর্ণ অধিকার রয়েছে।
২৭ জুলাই, সোমবার, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে সৌদি বাণিজ্যিক জাহাজে হামলা চালায় এবং সামুদ্রিক অবরোধের ঘোষণা দেয়।
এর প্রতিক্রিয়ায়, সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনী ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত গুরুত্বপূর্ণ বন্দরনগরী হুদাইদাহর একাধিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। হুদাইদাহ বন্দরটি উত্তর ইয়েমেনের বাণিজ্যিক পণ্য ও মানবিক ত্রাণ সামগ্রী সরবরাহের প্রধানতম রুট হিসেবে পরিচিত।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এই উত্তেজনার জন্য হুথিদের দায়ী করে বলেন, লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে চালানো হামলাকে 'কাপুরুষোচিত ও দায়িত্বজ্ঞানহীন' বলে অভিহিত করেন।