বাংলাদেশ সরকার সৌদি আরবের বিরুদ্ধে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের নৌ অবরোধ ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মনে করে এ ধরনের পদক্ষেপ উত্তেজনা বৃদ্ধি, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ন করে এবং আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য ব্যাহত করার ঝুঁকি তৈরি করে।
বাংলাদেশ লোহিত সাগরসহ আন্তর্জাতিক সামুদ্রিক পথগুলোতে ইউএনসিএলওএসসহ আন্তর্জাতিক আইন অনুযায়ী নিরবচ্ছিন্ন ও আইনসম্মত নৌচলাচলকে সমর্থন করে।
লোহিত সাগর, যা বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ, সেখানে যেকোনো ধরনের ব্যাঘাত বিশ্বজুড়ে মানুষের জন্য গুরুতর অর্থনৈতিক পরিণতি বয়ে আনবে।
বাংলাদেশ সব নাবিক ও পণ্যের নিরাপত্তা ও সুরক্ষার আহ্বান জানিয়েছে। সরকার সব পক্ষকে আন্তর্জাতিক আইনের অধীনে তাদের বাধ্যবাধকতাকে সম্মান করতে এবং সামুদ্রিক নিরাপত্তাকে বিপন্ন করতে পারে এমন পদক্ষেপ থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে।
এছাড়াও, বাংলাদেশ মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীলতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং সংলাপ, কূটনীতি ও শান্তিপূর্ণ আলোচনাকেই সংঘাত নিরসনের একমাত্র টেকসই উপায় হিসেবে পুনর্ব্যক্ত করেছে।