কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া, ওপেনএআই'র অবকাঠামো সম্প্রসারণে ২৫০ বিলিয়ন ডলারের লিজ নিশ্চয়তা দেওয়ার পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে নির্মাণাধীন বিশাল ডেটা সেন্টারের জন্য এই অর্থায়ন নিয়ে আলোচনা চলছে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, এই অর্থায়নের মাধ্যমে ওপেনএআই ওহাইও'র পিকেটন এলাকায় নির্মাণাধীন ১০ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টারটি দীর্ঘমেয়াদে লিজ নিতে পারবে। সফটব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান এসবি এনার্জি প্রকল্পটি বাস্তবায়ন করছে।
প্রকল্পের মোট ব্যয় ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি হতে পারে, যার মধ্যে এনভিডিয়ার এআই চিপের মূল্য প্রায় ৩৫০ বিলিয়ন ডলার। এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং জানান, চিপ সরবরাহের বিষয়ে আলোচনা চলছে।
ডেটা সেন্টারটি ২০২৮ সালের মধ্যে ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ সক্ষমতা অর্জন করবে, যা প্রায় ৬ লাখ ৪০ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহের সমান। বিদ্যুতের উৎস হবে জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের ৩৩ বিলিয়ন ডলারের চুক্তির আওতায় নির্মিত প্রাকৃতিক গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।
গত জুনে, ওপেনএআই সম্ভাব্য ২০ বছরের জন্য ডেটা সেন্টারটি লিজ নেওয়ার চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটি নিজস্ব যন্ত্রপাতি পরিচালনা করবে এবং অবকাঠামোর ব্যয়ও বহন করবে।
ওহাইও বর্তমানে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ডেটা সেন্টার হাব। এখানে ১৬৬টি ডেটা সেন্টার চালু রয়েছে এবং আরও ৫৭টির নির্মাণের পরিকল্পনা রয়েছে।
বিশ্লেষকদের মতে, ওপেনএআই'র মতো প্রতিষ্ঠানগুলোর জন্য এত বড় প্রকল্প বাস্তবসম্মত কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বোস্টন কলেজের সহযোগী ডিন আলেকসান্দার টোমিচের মতে, এই ধরনের চুক্তি এআই শিল্পে 'চক্রাকার অর্থায়নের' প্রবণতাকে স্পষ্ট করছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রজুড়ে নতুন ডেটা সেন্টার নির্মাণ রাজনৈতিক বিতর্কের বিষয় হয়ে উঠেছে। নিউইয়র্ক নতুন ডেটা সেন্টার নির্মাণে এক বছরের জন্য স্থগিতাদেশ দিয়েছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট গ্রামীণ এলাকায় নতুন ডেটা সেন্টার নির্মাণে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন।
সাম্প্রতিক এক গ্যালাপ জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৭১ শতাংশ নাগরিক নিজেদের এলাকায় নতুন ডেটা সেন্টার নির্মাণের বিপক্ষে। তবে বিশ্লেষক মাইকেল মোনাহান মনে করেন, রাজনৈতিক চাপ থাকলেও তা এআই শিল্পের প্রবৃদ্ধিকে বাধার মুখে ফেলবে না।