সম্প্রতি ভারতে তিন বোনের একসঙ্গে বিয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। উত্তরপ্রদেশের অমরোহা জেলার একটি মন্দিরে হিন্দু রীতি অনুযায়ী এই বিয়ের আচার পালন করা হয়।
ভিডিওতে যুবক বিকাশকে তিন নারীর সঙ্গে বিয়ের আচার পালন করতে দেখা যায়। নারীদের মধ্যে দুজন আপন বোন এবং একজন চাচাতো বোন। তাঁদের নাম সরোজ, সাবিত্রী এবং সন্তোষ।
বিয়ের বিষয়ে নারীরা জানান, তাঁরা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছেন এবং বিয়ের পর আলাদা হওয়ার চিন্তা করছিলেন না। তাঁদের দাবি, পরিবারের পক্ষ থেকে আলাদা আলাদা পাত্রের সঙ্গে বিয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছিল, তাই তাঁরা বিকাশকে বিয়ের সিদ্ধান্ত নেন।
বোনদের একজন বলেন, ‘আমরা আলাদা হওয়ার কথা ভাবতেই পারি না। আমাদের একসঙ্গে থাকার জন্য এক ব্যক্তিকেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি।’
সরোজ বর্তমানে স্নাতক পড়ছেন এবং সাবিত্রী ও সন্তোষ দ্বাদশ শ্রেণি পাস করেছেন। বর বিকাশ বলেন, এই নারীদের মধ্যে গভীর ভালোবাসা দেখে তিনি এই প্রস্তাবে রাজি হয়েছেন।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন হিন্দু সংগঠন এই বিয়ের আইনি ভিত্তি এবং ধর্মীয় রীতি নিয়ে প্রশ্ন তুলেছে। উল্লেখ্য, ভারতের 'হিন্দু বিবাহ আইন, ১৯৫৫' অনুযায়ী বহুবিবাহ নিষিদ্ধ।