আওয়ামী লীগ দেশের অর্থনীতি ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নতুন করে দেশ গড়ে তোলা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
রোববার (২৬ জুলাই) রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, "চারদিকে অনিয়ম-অস্থিতিশীলতায় দেশের সব প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে, সেগুলো পুনঃনির্মাণ করতে হবে।"
মন্ত্রী আরও বলেন, "এখন দেশ গঠনের সুযোগ এসেছে; এমন সুযোগ সবসময় আসে না।" তিনি উল্লেখ করেন, এ মুহূর্তে দেশের সবচেয়ে বড় সমস্যা এনার্জি সেক্টরে, যা গ্যাস ও জ্বালানি তেলের অপর্যাপ্ততার কারণে সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, "তবে এসব জায়গায় কাজ করা এবং গবেষণায় নিয়োজিতরা সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে কাজ করে যাচ্ছেন।" মন্ত্রী নেতিবাচক রাজনীতি না করার আহ্বান জানিয়ে বলেন, রাজনীতি যেন রাষ্ট্র ও দেশের কল্যাণে হয় তা নিশ্চিত করতে হবে।