সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

আর্সেনাল ভিনিসিয়ুসকে পেতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে

আর্সেনাল ভিনিসিয়ুস জুনিয়রকে দলে আনতে চেষ্টা চালাচ্ছে।

আর্সেনাল ভিনিসিয়ুসকে পেতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে

ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে পেতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে ইংলিশ চ্যাম্পিয়ন আর্সেনাল। এ তথ্য জানিয়েছে ইংলিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক।

প্রতিবেদন অনুযায়ী, ২৬ বছর বয়সী ভিনিসিয়ুসকে নতুন মৌসুমের জন্য আক্রমণভাগ শক্তিশালী করার অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচনা করছে আর্সেনাল। যদিও এখন পর্যন্ত দুই ক্লাবের মধ্যে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি, তবে রিয়ালের সঙ্গে তার চুক্তি পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রাখছে লন্ডনের ক্লাবটি।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত সবশেষ ফিফা বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন ভিনিসিয়ুস। ব্রাজিলের হয়ে পাঁচ ম্যাচে চার গোল করেছেন তিনি, তবে তার দুর্দান্ত পারফরম্যান্সও দলকে এগিয়ে নিতে পারেনি। শেষ ষোলোতে নরওয়ের কাছে হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

২০২৫-২৬ মৌসুমেও ব্যক্তিগতভাবে উজ্জ্বল ছিলেন ভিনিসিয়ুস, সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ গোল করেন তিনি। তবে দলগত সাফল্য আসেনি এবং টানা দ্বিতীয় মৌসুমের মতো বড় কোনো শিরোপা জিততে পারেনি রিয়াল মাদ্রিদ।

২০১৮ সালে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিয়ুস। শুরুতে সমালোচনার মুখে পড়লেও এখন তিনি বিশ্বের অন্যতম সেরা উইঙ্গারে পরিণত হয়েছেন। রিয়ালের জার্সিতে ৩৭৫ ম্যাচে ১২৮ গোল এবং ১০০টি অ্যাসিস্ট করেছেন তিনি।

ভিনিসিয়ুসের চুক্তির মেয়াদ আগামী বছর জুনে শেষ হচ্ছে। রিয়াল মাদ্রিদ তাকে ফ্রি ট্রান্সফারে হারাতে চায় না, এবং এই সুযোগ লুফে নিতে চাইছে আর্সেনাল। জার্মান ক্লাব আরবি লাইপজিগের ইয়ান দিয়োমান্ডের সঙ্গে রিয়ালের দলবদলের আলোচনা শুরু হওয়ার পর ভিনিসিয়ুসের ভবিষ্যত নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

ছুটি কাটিয়ে ভিনিসিয়ুস মাদ্রিদে ফিরলে তার ভবিষ্যত সম্পর্কে আরও তথ্য জানা যাবে।

বিজ্ঞাপন