রবিবার, ২৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

সৌদি রাজপুত্র আব্দুল্লাহর রহস্যমৃত্যুর কারণ উন্মোচন

সৌদি রাজপুত্র আব্দুল্লাহর মৃত্যুর কারণ হিসেবে অতিরিক্ত মদ্যপান ও মাদক সেবনকে দায়ী করা হয়েছে।

সৌদি রাজপুত্র আব্দুল্লাহর রহস্যমৃত্যুর কারণ উন্মোচন

গত বছর যুক্তরাজ্যের লন্ডনের একটি বিলাসবহুল হোটেলে সৌদি রাজপরিবারের সদস্য আব্দুল্লাহ বিন ফাহাদ বিন আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ বিন জালাউই আল সৌদের রহস্যমৃত্যুর কারণ নিশ্চিত করেছে তদন্ত দল।

২৯ বছর বয়সী এই রাজপুত্রের মরদেহ ২৫ নভেম্বর কেনসিংটনের ম্যারিয়ট হোটেলের একটি কক্ষের বাথরুম থেকে উদ্ধার করা হয়। তদন্তের ফলাফল অনুযায়ী, তাঁর মৃত্যুর কারণ হিসেবে অতিরিক্ত মদ্যপান ও উদ্বেগ নিয়ন্ত্রণের ওষুধের মাত্রাতিরিক্ত সেবনকে দায়ী করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, রাজপুত্র আব্দুল্লাহ এক সপ্তাহের জন্য ১৯ নভেম্বর ওই পাঁচতারকা হোটেলে অবস্থান করেন। সিসিটিভি ফুটেজে মৃত্যুর আগের দিন সন্ধ্যায় তাঁকে হোটেলের বাইরে ধূমপান করতে দেখা যায়। পরে একাই কক্ষে ফিরতে দেখা যায়।

ইনার ওয়েস্ট লন্ডন করোনাস কোর্টে অনুষ্ঠিত সুরতহাল শুনানিতে সহকারী করোনার জিন হারকিন জানান, রাজপুত্রের মৃত্যু হয়েছে একাধিক মাদকের প্রভাবজনিত জটিলতায়, যা দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সুরতহাল শুনানিতে জানানো হয়, টক্সিকোলজি পরীক্ষায় রাজপুত্রের রক্তে অ্যালকোহলের পরিমাণ ছিল প্রতি ১০০ মিলিলিটারে ২২২ মিলিগ্রাম। বিশেষজ্ঞরা আদালতে জানান, এই মাত্রার অ্যালকোহল কোনো ব্যক্তিকে কোমায় পাঠানোর জন্য যথেষ্ট।

তদন্তকারীরা আব্দুল্লাহর শরীরে উচ্চমাত্রার গামা-হাইড্রোক্সিবুটাইরেট নামের একটি পার্টি ড্রাগের উপস্থিতি পেয়েছেন। এছাড়া গাঁজা, জ্যানাক্স এবং অন্যান্য মানসিক উদ্বেগের ওষুধের উপস্থিতি মিলেছে। ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, রাজপুত্রের শরীরে কোনো জটিল রোগ ছিল না এবং অতিরিক্ত অ্যালকোহল ও বিভিন্ন মাদকের বিষাক্ত মিশ্রণই তাঁর মৃত্যুর কারণ।

বিজ্ঞাপন