বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল জানিয়েছেন, ভালো গল্প ও সুযোগ পেলে তিনি বাংলা সিনেমায় অভিনয় করতে চান। সম্প্রতি ভারতের আনন্দবাজার ডটকম আয়োজিত ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননা অনুষ্ঠানে তিনি এই আগ্রহের কথা বলেন।
অনুষ্ঠানে কাজলকে বাংলা সিনেমা দেখা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, নিয়মিত বাংলা ছবি দেখা হয় না। তবে তিনি বাংলা চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেলে তা গ্রহণ করবেন। কাজল বলেন, "বাংলার সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক অনেক পুরোনো।"
মা কিংবদন্তি অভিনেত্রী তনুজার প্রসঙ্গ টেনে কাজল জানান, তিনি এখনও মায়ের মতো বড় অভিনেত্রী হতে পারেননি। বরং তনুজার দেখানো পথ অনুসরণ করেই তিনি নিজের অভিনয়জীবন এগিয়ে নিচ্ছেন।
কাজল অনুষ্ঠানে তাঁর কাজের প্রতি দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন। তিনি বলেন, সময়মতো শুটিং সেটে পৌঁছানো এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করা পেশাদারিত্বের গুরুত্বপূর্ণ অংশ। তিনি মন্তব্য করেন, "বলিউডে সময়নিষ্ঠ শিল্পীর সংখ্যা খুব বেশি নয়।"
এবারের ‘বছরের বেস্ট ২০২৬’ সম্মাননা অনুষ্ঠানে কাজলের পাশাপাশি পাওলি দাম, দেব, নিকিতা গান্ধী, ব্রাত্য বসুসহ আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে।