চলতি মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়ে গেছে। জুনের ৩০ দিনে আক্রান্ত হন ২ হাজার ৯ শ জন, কিন্তু জুলাইয়ের ১৭ দিনে আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ হতে পারে। গত ১৭ দিনে ৩ হাজার ৬৬৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং এর মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে।
সম্প্রতি টানা বৃষ্টির ফলে জলাবদ্ধতা বাড়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। কীটত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার বলেন, "আগামী মাসগুলোতে ডেঙ্গুর প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও বরিশালের কিছু জেলায়।"
তিনি আরও বলেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওষুধ ছিটানোর পাশাপাশি সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন ঢাকা শহরের দুই সিটি করপোরেশনের প্রশাসকরা।
ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম জানান, "এডিস নিধনের জন্য বিভিন্ন কার্যক্রম চলছে। তবে সব জায়গায় পৌঁছানো সম্ভব নয়, তাই জনগণকে সচেতন হতে হবে।"
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম বলেন, "সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা অনুযায়ী কাজ চলছে। এডিস মশার লার্ভা নির্মূল করতে আমরা চেষ্টা করছি।"
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৭৭০ জন এবং এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ জনের। এদের মধ্যে অর্ধেকের বেশি আক্রান্ত হয়েছে গত দেড় মাসে।