আজ শনিবার (১৮ জুলাই) সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
গতকাল শুক্রবার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজানের ঢল ও বৃষ্টির কারণে দেশের কিছু নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে।
উত্তরাঞ্চলের রংপুর বিভাগের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি গত ২৪ ঘণ্টায় কিছুটা কমলেও আগামী তিন দিনে তা আবার বাড়তে পারে।
লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদীতীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।