ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতলে স্থানান্তর করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) ভারতীয় পুলিশের বিবৃতির ভিত্তিতে রয়টার্স এ তথ্য জানায়।
৫৯ বছর বয়সী ওয়াংচুক ২৮ জুন থেকে ভারতের যুব সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)‘র সমর্থনে অনশনে আছেন। সিজেপি মে মাসে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তুলেছিল। এই ঘটনায় লক্ষ লক্ষ শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ওয়াংচুকের অনশন ক্ষমতাসীন বিজেপি সরকারের প্রতি একটি প্রকাশ্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই আন্দোলন ভারতজুড়ে ব্যাপক সমর্থন লাভ করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে লক্ষ লক্ষ ভিউ ও শেয়ারের মাধ্যমে আন্দোলনকারীর দাবিগুলোকে আরও জোরালো করেছে।
শনিবারের ঘটনার ফুটেজে দেখা যায়, ওয়াংচুককে নিয়ে যাওয়ার আগে সামরিক ও সাধারণ পোশাক পরিহিত পুলিশ ও নিরাপত্তাকর্মীরা বিক্ষোভস্থলে উপস্থিত হন। ডেপুটি পুলিশ কমিশনার শচীন শর্মা জানান, আদালতের আদেশ ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, সোনম ওয়াংচুককে জরুরি চিকিৎসার জন্য একটি উপযুক্ত সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।