রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

অ্যান্ডি বার্নহ্যাম: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পরিকল্পনা ঘোষণা

লেবার পার্টির নতুন নেতা অ্যান্ডি বার্নহ্যাম যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার পরিকল্পনা ঘোষণা করেছেন।

অ্যান্ডি বার্নহ্যাম: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পরিকল্পনা ঘোষণা

যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা অ্যান্ডি বার্নহ্যাম নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। শুক্রবার (১৭ জুলাই) লন্ডনের টিইউসি সদর দফতরে তিনি বলেন, "আমি জানি আমি কী বিশ্বাস করি এবং সরকারে গিয়ে কী করতে চাই। আমার একটি পরিকল্পনা আছে (আই হ্যাভ এ প্ল্যান)।"

বার্নহ্যাম তার প্রথম ভাষণে যুক্তরাজ্যে জীবনযাত্রার ব্যয়, জনসেবা এবং আঞ্চলিক বৈষম্য নিয়ে অসন্তোষ মোকাবিলার জন্য সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের কথা জানান। তিনি বলেন, তার সরকারের প্রধান লক্ষ্য হবে সামাজিক সেবা ব্যবস্থার সংস্কার এবং দেশের বিভিন্ন অঞ্চলের হাতে আরও প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা তুলে দেওয়া।

তিনি আরও জানান, যুক্তরাজ্যকে পুনরায় শিল্পায়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার বিশেষ পরিকল্পনা রয়েছে। বার্নহ্যাম বলেন, রাজনৈতিক নেতৃত্ব দীর্ঘদিন কর্মজীবী মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং তার সরকার সেই মানুষের আস্থা ফিরিয়ে আনতে কাজ করবে।

গত চার দশকের 'নব্য উদারপন্থি' অর্থনৈতিক নীতির সমালোচনা করে তিনি বলেন, এসব নীতি দেশের শিল্পভিত্তি দুর্বল করেছে এবং আঞ্চলিক বৈষম্য বাড়িয়েছে। নতুন সরকার ভিন্ন পথে হাঁটতে চায় এবং কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন আনতে চায়।

লেবার পার্টির সাবেক নেতা স্যার কিয়ার স্টারমার পদত্যাগের পর বার্নহ্যাম নেতৃত্বের দৌড়ে এগিয়ে আসেন। ৩৭৯ জন এমপি এবং ১১টি ট্রেড ইউনিয়নের সমর্থন পেয়ে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতা নির্বাচিত হন। আগামী সোমবার (২০ জুলাই) রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাতের পর আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন বার্নহ্যাম।

বিজ্ঞাপন