১৯৫৮ সালে প্রথম বিশ্বকাপ জিতে ব্রাজিল সেলেসাওরা পেলের হাত ধরে সোনালি ট্রফির ছোঁয়া পায়। ওই বিশ্বকাপের ফাইনালে পেলে যে জার্সি গায়ে খেলেছিলেন, সেটি নিউইয়র্কের এক নিলামে প্রায় ৩৬ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। বাংলাদেশি অর্থে এই মূল্য প্রায় ৬০ কোটি ৪৭ লাখ টাকার সমান।
তবে, এত দামে বিক্রি হওয়ার পরও পেলের জার্সি সর্বোচ্চ দামের রেকর্ড ভাঙতে পারেনি। আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো মারাদোনার জার্সির পেছনে থাকতে হয়েছে তাকে। ১৯৮৬ বিশ্বকাপে মারাদোনা ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক ‘হ্যান্ড অব গড’ গোল করেছিলেন যে জার্সি পরে, সেটি ২০২২ সালের এক নিলামে ৭১ লাখ পাউন্ডে বিক্রি হয়। বাংলাদেশি অর্থে এই মূল্য ১১৮ কোটি টাকারও বেশি।
পেলের জার্সির দাম মারাদোনার জার্সির দামের অর্ধেক হলেও, ২০০৪ সালে পেলের এই জার্সিটি আরেক নিলামে মাত্র ১ লাখ ৫৬০০ ডলারে বিক্রি হয়েছিল, যা বাংলাদেশি টাকায় ১ কোটি ৭৫ লাখ টাকার সমান।