আর্জেন্টিনার ‘ব্যাক টু ব্যাক’ শিরোপা অর্জন, নাকি স্পেনের ১৬ বছরের অপেক্ষার অবসান হবে তা নিশ্চিত হবে আগামী রোববার রাতের বিশ্বকাপ ফাইনালে। নিউ ইয়র্কের নিউজার্সিতে অনুষ্ঠিতব্য এই ম্যাচটি হবে ইউরোপ ও লাতিন ফুটবলের মধ্যে একটি মহাগুরুত্বপূর্ণ লড়াই।
ফাইনালটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। ফিফা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। ভিনচিচের সহকারী হিসেবে থাকবেন তাঁর স্বদেশি তোমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ।
চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন জর্ডানের আধহাম মাখাদমেহ, আর রিজার্ভ সহকারী রেফারি থাকবেন কাতারের মোহাম্মদ আলকালাফ।
ভিনচিচের নামটি অনেকের কাছে পরিচিত। কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ওই ম্যাচে আর্জেন্টিনা অঘটনের শিকার হয়েছিল।
এবারের বিশ্বকাপে ভিনচিচ তিনটি ম্যাচ পরিচালনা করেছেন, যার মধ্যে গ্রুপ পর্বে ব্রাজিল-মরক্কো, জর্ডান–আলজেরিয়া এবং শেষ বত্রিশে মেক্সিকো-ইকুয়েডরের ম্যাচ অন্তর্ভুক্ত রয়েছে।