চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষকে সহায়তায় সরকার সম্ভাব্য সবকিছু করছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গা মাইজপাড়া এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে এ কথা জানান।
মন্ত্রী বলেন, শুকনো খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ওষুধপত্র ও অন্যান্য জরুরি সামগ্রী মজুত আছে। তিনি জানান, টানা কয়েকদিনের বৃষ্টিতে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ ও আনোয়ারাসহ বিভিন্ন উপজেলায় ক্ষতিগ্রস্থ হয়েছে।
এছাড়া, সড়ক ও সেতু অকেজো হওয়ার পাশাপাশি বীজতলা নষ্ট হয়ে যাওয়ার কারণে অসুখ-বিসুখ দেখা দিচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় সরকারের সব প্রস্তুতি রয়েছে বলে জানান মন্ত্রী।
মন্ত্রী আরও বলেন, পর্যায়ক্রমে সব সমস্যা দূর করা হবে। এর আগে তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।