পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের রেকর্ডভুক্ত জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা নুরুজ্জামান কাফির বিরুদ্ধে। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, কাফি বিদ্যালয়ের জমি দখল করে রাস্তা নির্মাণ করেছেন।
বিদ্যালয় সূত্র জানায়, ১৯৫৪ সাল থেকে বিভিন্ন সময়ে বিদ্যালয় কর্তৃপক্ষ জমি ক্রয় করে আসছে এবং সেই জমি বছরের পর বছর ধরে বিদ্যালয়ের ব্যবহারের জন্য ভোগ দখল করা হচ্ছে। সর্বমোট ৪০ একর ৬৪ শতাংশ জমির মধ্যে ২১ একর ৭৬ শতাংশ জমির খাজনা বঙ্গাব্দ ১৪৩২ সাল পর্যন্ত পরিশোধ করা হয়েছে।
গত সপ্তাহে কাফি সিক্সলেন সড়কের উত্তর পাশে ৬ শতাংশ জমি দখল করে রাস্তা নির্মাণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম জানান, তিনি বাঁধা দিলে কাফিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে প্রধান শিক্ষক আবদুর রহিম বলেন, 'গত এক সপ্তাহ আগে রাতের আঁধারে কাফি রাস্তা নির্মাণ করেন। আমরা বাধা দিলে তিনি আমাদের জীবননাশের হুমকি দেন। জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।'
অন্যদিকে, নুরুজ্জামান কাফি দাবি করেন, তিনি ওই জমি ক্রয় করেছেন এবং তার জমির প্রবেশের পথ না থাকার কারণে রাস্তা নির্মাণ করেছেন। তিনি বলেন, 'আমি স্কুলের প্রধান শিক্ষকের কাছে জমিটি কিনতে প্রস্তাব দিয়েছিলাম।'
এ ঘটনার পর স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।