রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে নিজেদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করতে ফ্রান্সের কাছ থেকে ১৬টি রাফাল যুদ্ধবিমান কিনতে যাচ্ছে ইউক্রেন। ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরন জানিয়েছেন, ২০২৮ থেকে ২০২৯ সালের মধ্যে ধাপে ধাপে যুদ্ধবিমানগুলো ইউক্রেনের বিমানবাহিনীর বহরে যুক্ত হবে।
যুদ্ধবিমান সরবরাহের পাশাপাশি ইউক্রেনকে বড় ধরনের প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তরের সিদ্ধান্তও নিয়েছে প্যারিস। এর আওতায় রাফাল যুদ্ধবিমানে ব্যবহৃত বিভিন্ন বিল্ট-ইন অস্ত্র দেশেই উৎপাদনের অনুমতি পেয়েছে কিয়েভ।
এটি ইউক্রেনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ ফ্রান্সের উন্নত সামরিক অস্ত্র তৈরির লাইসেন্স পেল জেলেনস্কি প্রশাসন। এই লাইসেন্সের আওতায় ইউক্রেন নিজস্ব কারখানায় এএএসএম এয়ার-টু-গ্রাউন্ড গাইডেড বোমা, অ্যাস্টার আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র এবং স্ক্যাল্প দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদন করতে পারবে।
ফ্রান্স ইউক্রেনকে উন্নত রাডার ব্যবস্থা সরবরাহের ঘোষণাও দিয়েছে। পাশাপাশি পাঠানো হবে সর্বাধুনিক স্যাম্প-টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান এবং ড্রোন প্রতিহত করতে সক্ষম।
বিশ্লেষকদের মতে, ফ্রান্সের এই সহায়তা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে এবং ইউরোপীয় দেশগুলোর সামরিক সহযোগিতা আরও গভীর হওয়ার ইঙ্গিত দিচ্ছে।