বুধবার, ১৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের ঘোষণা ট্রাম্পের

ট্রাম্প কংগ্রেসকে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু হয়েছে।

ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে জানিয়েছেন যে, ইরানের সঙ্গে সামরিক সংঘাত আবার শুরু হয়েছে। তার প্রশাসনের মতে, এই ঘোষণার মাধ্যমে নতুন করে ৬০ দিনের সময়সীমা শুরু হয়েছে, যার মধ্যে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ক্ষমতা থাকবে প্রেসিডেন্টের।

চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, ৭ জুলাই থেকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু হয়েছে। তিনি বলেন, 'মার্কিন নাগরিকদের নিরাপত্তা এবং জাতীয় নিরাপত্তা রক্ষার সাংবিধানিক দায়িত্বের অংশ হিসেবেই আমি এই পদক্ষেপ নিয়েছি।'

ট্রাম্পের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৭ জুন ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘন করেছে। অভিযোগ, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে ইরান ওই সমঝোতা ভঙ্গ করেছে। এর পরিপ্রেক্ষিতে তিনি ইসলামি প্রজাতন্ত্রটির বিরুদ্ধে সামরিক হামলার নির্দেশ দেন।

যুক্তরাষ্ট্র ২৮ ফেব্রুয়ারি, ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। তবে সাম্প্রতিক সময়ে সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করেছে। সোমবার ট্রাম্প আরও ঘোষণা দেন, ইরানি জাহাজ চলাচলের ওপর উপসাগরীয় অবরোধ পুনর্বহাল করা হবে।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা কেবল কংগ্রেসের। তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে সীমিত সময়ের জন্য কংগ্রেসের অনুমোদন ছাড়াই সামরিক অভিযান পরিচালনার ক্ষমতা প্রেসিডেন্টদের রয়েছে।

ডেমোক্র্যাটরা এবং যুদ্ধবিরোধী কিছু রিপাবলিকান আইনপ্রণেতা ট্রাম্প প্রশাসনের ব্যাখ্যা মানতে নারাজ। তারা অভিযোগ করেছেন যে, ট্রাম্প প্রশাসন ওয়ার পাওয়ারস অ্যাক্টের ভুল ব্যাখ্যা দিচ্ছে।

গত মাসে সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষই একটি প্রস্তাব পাস করে, যাতে ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়। রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও প্রস্তাবটি পাস হওয়ায় কংগ্রেসের উদ্বেগ স্পষ্ট হয়ে ওঠে।

বিজ্ঞাপন