মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর ওপর ড্রোন হামলা ও একটি মার্কিন নৌযান লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরান। সোমবার (১৩ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) এ তথ্য জানিয়েছে।
ইরানি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল ঘাঁটির যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি সংরক্ষণাগার, একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নজরদারি টাওয়ার এবং গোলাবারুদের গুদাম।
বিবৃতিতে আরও বলা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘পুনঃপুন আগ্রাসনের’ জবাব হিসেবেই এসব হামলা চালানো হয়েছে। পাশাপাশি, ইরানের নৌবাহিনীর পক্ষ থেকেও দাবি করা হয়েছে, মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় একটি ‘শত্রু নৌযান’ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
তবে কুয়েতে কথিত হামলা কিংবা মার্কিন নৌযান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্রও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের দাবি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষকরে, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং গুরুত্বপূর্ণ নৌপথকে ঘিরে চলমান উত্তেজনা নতুন সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে।