রবিবার, ১২ জুলাই, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

রিভো বাংলাদেশের নতুন ইলেকট্রিক বাইক উন্মোচন

রিভো বাংলাদেশ নতুন দুটি ইলেকট্রিক বাইক উন্মোচন করেছে, যা একবার চার্জে ১৩০ কিমি চলতে সক্ষম।

রিভো বাংলাদেশের নতুন ইলেকট্রিক বাইক উন্মোচন

দেশের বাজারে পরিবেশবান্ধব যাতায়াতকে সহজ করতে নতুন দুটি ইলেকট্রিক মোটরসাইকেল উন্মোচন করেছে রিভো বাংলাদেশ। বৃহস্পতিবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ‘রিভো সি৩৫’ ও ‘রিভো সি৩৫-ওয়াই’ মডেল দুটি পরিচিত করা হয়।

প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, এই বাইকগুলো একবার পূর্ণ চার্জে প্রায় ১৩০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। নগর এলাকায় দৈনন্দিন যাতায়াতের জন্য কমপ্যাক্ট ডিজাইন ও আধুনিক প্রযুক্তিতে তৈরি করা হয়েছে মডেল দুটি।

রিভো সি৩৫-এর দাম ১ লাখ ৬৪ হাজার ৯০০ টাকা এবং রিভো সি৩৫-ওয়াই-এর দাম ১ লাখ ৩৯ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। উভয় মডেলে রয়েছে রিয়েল-টাইম ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম (বিএমএস), যা চার্জের বর্তমান অবস্থা শতাংশ আকারে প্রদর্শন করে।

মডেল দুটিতে ৮ ইঞ্চির ইন্টিগ্রেটেড ফুল-স্ক্রিন এলসিডি ডিসপ্লে রয়েছে, যেখানে প্রয়োজনীয় রাইডিং তথ্য দেখা যায়। বাইকগুলো জেট ব্ল্যাক, স্পেস গ্রে, মেমফিস গ্রিন ও গ্লো রেড এই চারটি রঙে পাওয়া যাবে।

রিভো সি৩৫-এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার এবং রিভো সি৩৫-ওয়াই-এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫৫ কিলোমিটার। প্রতিষ্ঠানটির দাবি, পরিবেশবান্ধব ও সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতেই মডেল দুটি তৈরি করা হয়েছে।

উন্মোচন অনুষ্ঠানে রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন নি বলেন, ‘আমরা উদ্ভাবনী প্রকৌশলকে স্মার্ট, শূন্য-নির্গমন প্রযুক্তিতে রূপ দিয়েছি, যা বাংলাদেশের আধুনিক নগর জীবনের চালকদের প্রতিদিনের যাতায়াতের প্রয়োজন মেটাতে সহায়তা করবে।’

নতুন মডেল দুটি বাজারে আনার উপলক্ষে বিশেষ অফারও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। রিভো সি৩৫ কিনলে ক্রেতারা পাবেন ৫ হাজার টাকা ক্যাশব্যাক, একটি টি-শার্ট ও একটি কীরিং। অন্যদিকে রিভো সি৩৫-ওয়াই কিনলে ক্রেতাদের জন্য রয়েছে একটি হেলমেট, একটি টি-শার্ট ও একটি কীরিং।

বিজ্ঞাপন