কুমিল্লার লালমাই উপজেলার ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪৭ জন শিক্ষার্থী ও ৪৩ জন শিক্ষক প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন। এ সফরটি জাতীয় সংসদ সচিবালয়ের ভিজিট শাখার উদ্যোগে আয়োজিত হয় এবং এটি শিক্ষার্থীদের জন্য স্মরণীয় ও অনুপ্রেরণাদায়ী অভিজ্ঞতায় পরিণত হয়।
৯ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সফরের অন্যতম আকর্ষণ ছিল সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময়। এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল চর্চার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
শিক্ষক ও শিক্ষার্থীরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও এলডি হল পরিদর্শন করেন। সেখানে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ফটোসেশনে অংশগ্রহণ করেন।
এরপর তারা বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত সংসদ ভবনের নান্দনিক স্থাপত্য ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন। শিক্ষার্থীরা সংসদের উত্তর প্লাজা, ক্রিসেন্ট লেক, অধিবেশন কক্ষ এবং সংসদ গ্রন্থাগার পরিদর্শন করেন এবং চলমান বাজেট অধিবেশন সরাসরি উপভোগ করেন।
সংসদ ভবনে আয়োজিত ব্রিফিং সেশনে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের ইতিহাস, স্থাপত্যশৈলী এবং সংসদীয় কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে সাংস্কৃতিক পরিবেশনার অংশ হিসেবে গান পরিবেশন করা হয়।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোঃ মোবাশ্বের আলম ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। শিক্ষার্থীরা জানান, 'আজ আমরা বঙ্গভূমির হৃৎস্পন্দনকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি।' তারা উচ্ছ্বাসের সঙ্গে স্লোগান দেয়— 'করবো পড়াশোনা, গড়বো দেশ; সবার আগে বাংলাদেশ।'
সফরের অংশ হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সের এলডি হলে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। সফররত শিক্ষক-শিক্ষার্থীরা সংসদ নেতা ও প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যবৃন্দকে সরাসরি দেখার বিরল সুযোগ পান। পরিদর্শন শেষে শিক্ষকেরা জাতীয় সংসদ সচিবালয় এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।