বগুড়া জেলার সারিয়াকান্দি ও ধুনট নতুন দুটি নদীবন্দর চালুর ঘোষণা দিয়েছে সরকার। যমুনা নদীর তীরে এই নদীবন্দরগুলোর প্রজ্ঞাপন নৌ-পরিবহন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে।
বর্তমানে দেশে অভ্যন্তরীণ নদীবন্দরের সংখ্যা ৫৪টি ছিল, নতুন দুটি যুক্ত হওয়ার পর এই সংখ্যা দাঁড়ালো ৫৬টিতে। সর্বশেষ নোয়াখালীর হাতিয়ার নদীবন্দরটি চালু হয়েছিল।
সারিয়াকান্দি নদীবন্দরটির উত্তর সীমানা সারিয়াকান্দি উপজেলার কালিতলা ঘাটের উত্তরে খুদ্দ বলাইল মৌজার দিঘাপাড়া ঘাট পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ সীমানা হবে কর্ণিবাড়ি ইউনিয়নের চরকুমারপাড়া মৌজায় মথুরাপাড়া ঘাট পর্যন্ত।
এছাড়া, ধুনট নদীবন্দরের উত্তর সীমানা হবে কর্ণিবাড়ি ইউনিয়নের মথুরাপাড়া ঘাটের দক্ষিণ সীমানা পর্যন্ত এবং দক্ষিণ সীমানা সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ঢেকুরিয়া হাটসংলগ্ন এলাকা।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নদীবন্দর এলাকার আওতাধীন খাল ও ঘাটসমূহ যেমন-দিঘাপাড়া ঘাট, কালিতলা ঘাট, মথুরাপাড়া ঘাট এবং চন্দনবাইশা, শহরাবাড়ি ঘাট অন্তর্ভুক্ত থাকবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নতুন নদীবন্দরগুলোর সংরক্ষকের দায়িত্ব পেয়েছে।