প্রাথমিক শিক্ষা অধিদফতর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আগেই ওয়েব পোর্টালে আপলোড করার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে।
নতুন গঠিত তিন সদস্যের কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক শিক্ষা দফতরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফল ৮ জুলাই চূড়ান্ত করা হয়। ফলাফল ওয়েবপোর্টালে আপলোড করার জন্য অধিদফতরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে দায়িত্ব দেওয়া হয়েছিল।
অফিস আদেশে বলা হয়, ফল যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশের পূর্বে তা ওয়েবপোর্টালে আপলোড না করার জন্য তাকে নির্দেশনা প্রদান করা হয়েছিল। তবে ৯ জুলাই সকাল ১০টায় ঢাকা বিভাগের ৯টি জেলার ফল ওই লিংকসমূহে আপলোড করা হয়।
লিংকগুলো অল্প সময়ে সচল থাকায় সাধারণ ব্যবহারকারীরা ফল ডাউনলোড করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। তদন্ত কমিটিতে অধিদফতরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিলকে আহ্বায়ক করা হয়েছে।
অন্য দুই সদস্য হলেন, অধিদফতরের উপবৃত্তি বিভাগের শিক্ষা অফিসার জিয়াউল কবির সুমন এবং সদস্যসচিব প্রশাসন-২-এর সহকারী পরিচালক মোহাম্মদ রোখসানা হায়দার।