টানা ও বিরামহীন বৃষ্টির কারণে রাজধানী ঢাকার জনজীবন থমকে গেছে। শুক্রবার (১০ জুলাই) খিলক্ষেত, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, রামপুরাসহ বেশ কয়েকটি এলাকার সড়কে হাঁটুসমান পানি জমেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত থেকেই শুরু হওয়া এই বৃষ্টিতে খিলক্ষেত, মিরপুর ও আশপাশের এলাকায় পানি জমে যায়। এর ফলে যান চলাচলে ধীরগতি দেখা যায়। কোথাও কোথাও রিকশা ও সিএনজির চলাচলও বন্ধ হয়ে গেছে।
স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ও বাসিন্দারা বিপাকে পড়েছেন। নীচু এলাকায় অবস্থিত বাসা ও দোকানে পানি ঢুকে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বৃষ্টি হলেই একই পরিস্থিতি সৃষ্টি হয়।
তারা জানান, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে নগরবাসী বারবার জলাবদ্ধতার শিকার হন। এদিকে, আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি অব্যাহত থাকবে।