শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

লঘুচাপ দুর্বল, সাগরে ঝড়ো হাওয়ার সতর্ক সংকেত বহাল

লঘুচাপ দুর্বল হলেও সাগরে ঝড়ো হাওয়ার জন্য ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

লঘুচাপ দুর্বল, সাগরে ঝড়ো হাওয়ার সতর্ক সংকেত বহাল

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপ দুর্বল হলেও উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য অব্যাহত থাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত সর্বশেষ আবহাওয়া বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে উল্লেখ করা হয়, ভারতের উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপে পরিণত হয়েছে। এটি এখন মধ্য উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং ক্রমান্বয়ে আরও দুর্বল হতে পারে।

তবে, লঘুচাপ দুর্বল হলেও উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য এখনও বেশি রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে।

বিজ্ঞাপন