যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে রাখা হয়েছে। এই ঘটনাটি দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো দায়িত্বে থাকা প্রেসিডেন্টের নামে একটি আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ।
বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে বিমানবন্দরটির নতুন নাম 'প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট' কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এই তথ্য নিশ্চিত করেছে।
নাম পরিবর্তনের অংশ হিসেবে বিমানবন্দর কর্তৃপক্ষ ধাপে ধাপে সব সাইনবোর্ড, ব্র্যান্ডিং এবং জনসাধারণের জন্য ব্যবহৃত তথ্য হালনাগাদ করবে। এফএএর লোকেশন আইডেন্টিফায়ারও পরিবর্তন করা হয়েছে, যা আগে 'পিবিআই' নামে পরিচিত ছিল। নতুন কোড হবে 'ডিজেটি', যা আগামী ১৮ আগস্ট থেকে কার্যকর হবে।
ইতোমধ্যে ইউনাইটেড এয়ারলাইন্স, ডেল্টা এয়ারলাইন্সসহ কয়েকটি বড় মার্কিন বিমান সংস্থা তাদের টিকিট বুকিং প্ল্যাটফর্মে নতুন 'ডিজেটি' কোড ব্যবহার শুরু করেছে। তবে যাত্রীরা আপাতত পুরোনো 'পিবিআই' কোড ব্যবহার করেই ফ্লাইট খুঁজে পাবেন।
বিমানবন্দরটিতে বর্তমানে এক ডজনের বেশি দেশীয় ও আন্তর্জাতিক এয়ারলাইন্স পরিচালিত হচ্ছে, যার মধ্যে রয়েছে ডেল্টা, ইউনাইটেড, আমেরিকান এয়ারলাইন্স ও সাউথওয়েস্ট এয়ারলাইন্স।
ফ্লোরিডার গভর্নর রন ডি স্যান্টিস চলতি বছর বিমানবন্দরের নাম পরিবর্তনের বিল আইনে স্বাক্ষর করেন। এফএএ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়ার পর নতুন নাম কার্যকর হয়। নাম পরিবর্তনের পুরো প্রকল্পে প্রায় ৫ দশমিক ৫ মিলিয়ন ডলার ব্যয় হবে, যার মধ্যে ২ দশমিক ৭৫ মিলিয়ন ডলার ফ্লোরিডা অঙ্গরাজ্য বহন করবে।
ট্রাম্প বৃহস্পতিবার (৯ জুলাই) ট্রুথ সোশ্যালে একটি পোস্টে পাম বিচের জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, ফ্লোরিডার বিমানবন্দরের নাম তার নামে রাখায় তিনি নিজেকে ‘অত্যন্ত সম্মানিত’ মনে করছেন এবং খুব শিগগিরই এটি বিশ্বের অন্যতম সেরা ও সবচেয়ে দৃষ্টিনন্দন বিমানবন্দরে পরিণত হবে বলেও প্রতিশ্রুতি দেন।