নিরীক্ষক ও নিরীক্ষা প্রতিষ্ঠানের ভোগান্তি কমাতে গৃহীত একক তালিকাভুক্তি (সিঙ্গেল পয়েন্ট এনলিস্টমেন্ট) উদ্যোগ ছয় মাস পার হলেও এখনো কার্যকর হয়নি। ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) জানিয়েছে, বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার মতামত না পাওয়ার কারণে এই গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম আটকে রয়েছে।
বর্তমানে নিরীক্ষক ও নিরীক্ষা প্রতিষ্ঠানগুলোকে কার্যক্রম পরিচালনার জন্য এফআরসির পাশাপাশি বাংলাদেশ ব্যাংক, বিএসইসি, আইডিআরএ, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি সহ বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থায় পৃথকভাবে তালিকাভুক্ত হতে হয়। এর ফলে একই ধরনের নথিপত্র বারবার জমা দিতে হয় এবং প্রতি বছর নবায়ন ফি পরিশোধ করতে হয়, যা সময় ও ব্যয় দুটোই বাড়াচ্ছে।
এই সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারের সময়ে সিদ্ধান্ত নেওয়া হয় যে, সব নিরীক্ষক ও নিরীক্ষা প্রতিষ্ঠানের তালিকাভুক্তি শুধুমাত্র এফআরসির মাধ্যমে সম্পন্ন হবে। এতে একবার নিবন্ধন করলেই অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের প্রক্রিয়া সহজ হবে।
এফআরসি জানায়, অনুযায়ী প্রতিটি নিয়ন্ত্রক সংস্থার অতিরিক্ত যোগ্যতা ও তালিকাভুক্তির শর্ত এফআরসির কাছে পাঠানোর কথা ছিল। কিন্তু বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং এনজিও বিষয়ক ব্যুরো এখনো তাদের সুপারিশ জমা দেয়নি, ফলে পুরো প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।
এফআরসির চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ভূইয়া বলেন, ‘অতিরিক্তি শর্ত যুক্ত করা দরকার। আমরা সেগুলোর জন্য চিঠি দিয়েছি। অনেক প্রতিষ্ঠানই রেসপন্স করেছে, কিন্তু অনেকেই আবার করেনি।’
তিনি আরও জানান, একক তালিকাভুক্তি ব্যবস্থা চালু হলে নিরীক্ষকদের হয়রানি কমবে, সময় ও ব্যয় সাশ্রয় হবে এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও সুশাসন আরও জোরদার হবে। তিনি দ্রুত এ সংস্কার বাস্তবায়নে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সহযোগিতা কামনা করেছেন।