ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ফার্নিচার ব্যবসায়ীর হামলায় গুরুতর আহত উত্তরা ব্যাংকের গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল কর্মকর্তা মো. আরিফুল ইসলাম (৪৫) মারা গেছেন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হামলার ঘটনা ঘটে সোমবার (৬ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে কসবা উপজেলার গোপীনাথপুর বাজারের গ্রিন হেলথ হাসপাতালের সামনে। নিহত আরিফুল ইসলাম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পিংলু পূর্বপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। অভিযুক্ত আলী হোসেন (৪৮) কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের নোয়ামুড়া গ্রামের যোহর আলীর ছেলে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, পূর্ব বিরোধের জেরে আলী হোসেন ধারালো অস্ত্র দিয়ে আরিফুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালান। এতে তার মাথা ও ঘাড়ে একাধিক আঘাত লাগে।
স্থানীয় লোকজন ও ব্যাংকের সহকর্মীরা গুরুতর আহত আরিফুল ইসলামকে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি আলী মোহাম্মদ রাশেদ জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত আলী হোসেন পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।